তালগাছ
— Rabindranath Tagore
তালগাছ এক পায়ে দাঁড়িয়ে
সব গাছ ছাড়িয়ে
উঁকি মারে আকাশে।
মনে সাধ কালো মেঘ ফুঁড়ে যায়—
একেবারে উড়ে যায়—
কোথা পাবে পাখা সে?
তাই তো সে ঠিক তার মাথাতে
গোল গোল পাতাতে
ইচ্ছাটি মেলে তার
মনে মনে ভাবে বুঝি ডানা এই,
উড়ে যেতে মানা নেই
বাসাখানি ফেলে তার।
সারা দিন ঝর্ঝর্ থত্থর
কাঁপে পাতা-পত্তর,
ওড়ে যেন ভাবে ও,
মনে মনে আকাশেতে বেড়িয়ে
তারাদের এড়িয়ে
যেন কোথা যাবে ও।
তার পরে হাওয়া যেই নেমে যায়,
পাতা-কাঁপা থেমে যায়,
ফেরে তার মনটি—
যেই ভাবে মা যে হয় মাটি তার,
ভালো লাগে আরবার
পৃথিবীর কোণটি।
এক পায়ে দাঁড়িয়ে আকাশে উঁকি মারা তালগাছ উড়ে যেতে চায়, কিন্তু হাওয়া থামলে বোঝে — মাটিই তার মা। স্কুলের পাঠ্যবইয়ের অতি প্রিয় কবিতা।
📖 Source and edition
রবীন্দ্রনাথ ঠাকুর, “শিশু ভোলানাথ” (প্রথম প্রকাশ ১৯২২); বাংলা উইকিসংকলনে ১৯৫৭ সংস্করণ, পৃ. ১৬-১৭। রচনার তারিখ: ২ কার্তিক ১৩২৮
✍️ About the author
রবীন্দ্রনাথ ঠাকুর (১৮৬১–১৯৪১) — কবি, ঔপন্যাসিক, সুরকার; ১৯১৩ সালে সাহিত্যে নোবেল পুরস্কার। শিশুদের জন্য লিখেছেন “শিশু”, “শিশু ভোলানাথ”, “সহজ পাঠ” ইত্যাদি।
⚖️ Rights
রবীন্দ্রনাথ ঠাকুর ১৯৪১ সালে প্রয়াত; কবিতাটি ১৯২২ সালে প্রকাশিত — পাবলিক ডোমেইন।
Read more
বাবুরাম সাপুড়েবাবুরাম সাপুড়ে, কোথা যাস্ বাপুরে?আতা গাছে তোতা পাখিআতা গাছে তোতা পাখী,নোটন নোটন পায়রাগুলিনোটন নোটন পায়রাগুলি ঝোটন বেঁধেছে,বৃষ্টি পড়ে টাপুর টুপুর (তিন কন্যা)বৃষ্টি পড়ে টাপুর্ টুপুর, নদী এল বাণ,
Found a mistake? Report it / suggest a correction